গবেষণা ও মেধাস্বত্ব সুরক্ষায় জাবি-ডিপিডিটির সমঝোতা স্মারক

গবেষণা ও মেধাস্বত্ব সুরক্ষায় জাবি-ডিপিডিটির সমঝোতা স্মারক
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

গবেষণা কার্যক্রমে মেধাস্বত্ব সুরক্ষা ও উদ্ভাবনের প্রসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী অগ্রযাত্রায় একটি বড় অর্জন। টিআইএসসি নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তি এবং মেধাসম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক তথ্যে সরাসরি প্রবেশাধিকার পাবেন। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের উচ্চতর গবেষণা পরিচালনা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আশাবাদী যে, এই প্রাতিষ্ঠানিক সহযোগিতার ফলে আমাদের তরুণ গবেষকরা দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখতে সক্ষম হবেন।" 

‎এছাড়াও, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-গবেষকরা। এ সময় টেকনোলজি ট্রান্সফার অফিস প্রকল্পের এসপিএম ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানও উপস্থিত ছিলেন।

‎চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা ডিপিডিটির সঙ্গে যৌথভাবে গবেষণা পরিচালনা, গবেষণালব্ধ উদ্ভাবনের স্বত্ব সংরক্ষণ, গবেষণার ফলাফল প্রচার এবং মেধাস্বত্ব বিষয়ক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবেন।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবে এবং গবেষণালব্ধ উদ্ভাবনের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।


সম্পর্কিত নিউজ