{{ news.section.title }}
ওবিই কারিকুলাম বাস্তবায়নে চবিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) কারিকুলামের কার্যকর বাস্তবায়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন প্রস্তুতি জোরদার করতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত “ওবিই পদ্ধতিতে শিক্ষণ, গঠনমূলক ও সামষ্টিক মূল্যায়ন, কোর্স ফাইল ব্যবস্থাপনা ও অ্যাক্রেডিটেশন প্রস্তুতি” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ওবিই কারিকুলাম ইতোমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে পারব।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সেমিস্টার পদ্ধতির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম অনুযায়ী নতুন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের সার্বিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে ওবিই কারিকুলামের সফল বাস্তবায়ন, শিক্ষার্থীদের গঠনমূলক ও সামষ্টিক মূল্যায়নের কার্যকর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুসংগঠিত কোর্স ফাইল সংরক্ষণ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ওবিই কারিকুলাম বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মসূচি সঞ্চালনা ও সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোছাইন ও অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন।