{{ news.section.title }}
গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রশিবিরের নেতা জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা এবং সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত করে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব ও আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, নুরউদ্দিন, রাফিজ আহমেদ, জনি-সহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের “জামায়াত-শিবির, গুপ্ত গুপ্ত; শিক্ষাঙ্গনে গুপ্তদের ঠাঁই হবে না; জিয়ার সৈনিক, এক হও লড়াই কর; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা; ধর্ষকদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না” সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণের অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা এবং এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের মাধ্যমে মানবজীবন ধ্বংসের অভিযোগ জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।”
তিনি আরও বলেন, “প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের বেদনা ও সংগ্রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিকৃত করা কিংবা অবমূল্যায়নের যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু সত্যকে আড়ালই করে না, বরং প্রকৃত ভুক্তভোগীদের প্রতি চরম অবমাননার শামিল।”
সকল অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করে সাহেদ আহম্মেদ বলেন, “কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সত্য গোপন, অপপ্রচার এবং অপরাধ আড়াল করার সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।”