দীর্ঘ দাবির পর অবশেষে চাকসুর উদ্যোগে চবির শাটল ট্রেনে যুক্ত হলো নতুন কোচ

দীর্ঘ দাবির পর অবশেষে চাকসুর উদ্যোগে চবির শাটল ট্রেনে যুক্ত হলো নতুন কোচ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে শাটল ট্রেনে যুক্ত হয়েছে নতুন ও সংস্কারকৃত কোচ। চাকসুর উদ্যোগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে পুরোনো ও ত্রুটিপূর্ণ কোচগুলো পরিবর্তন করে ১০ বগির একটি নতুন শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রেনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং চাকসুর নেতৃবৃন্দ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো একটি ট্রেনের কোচ পরিবর্তন করে নতুন ও সংস্কারকৃত কোচসমৃদ্ধ শাটল ট্রেন চালু করা হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও পরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দুটি শাটল ট্রেন নিয়মিত চলাচল করছে। এর মধ্যে একটি ট্রেনের সব পুরোনো বগি পরিবর্তন করে নতুন ও সংস্কারকৃত বগি সংযোজন করা হয়েছে। আগের বগিগুলোতে ফ্যান, লাইট, সিলিং ও ফ্লোরসহ বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যার কারণে শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। নতুন বগিগুলোতে এসব সমস্যার সমাধান করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন আরও আরামদায়ক ও নিরাপদ পরিবেশে যাতায়াত করতে পারবেন।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবহন নিশ্চিত করতে চাকসু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কোচ সংযোজন সেই প্রচেষ্টারই বাস্তব ফল।

 

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, নতুন শাটল ট্রেন সংযোজন শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। অন্য ট্রেনটির বগিগুলোও পর্যায়ক্রমে পরিবর্তন করে উন্নতমানের কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাপ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি নতুন শাটল ট্রেন চালুর দাবি জানিয়ে আসছে চাকসু। প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

বিশ্ববিদ্যালয়  সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কোচ সংযোজনের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর দৈনন্দিন যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।


সম্পর্কিত নিউজ