{{ news.section.title }}
জাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা প্রদান, অকথ্য ভাষায় গালাগালি এবং শারীরিকভাবে আঘাতের চেষ্টার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলমকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।
সোমবার (১৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনসংযোগ অফিসের রিপোর্টার জনাব হাফিজুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহার।
অফিস আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য, গত রোববার (১৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে চলমান এক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন। অভিযোগ রয়েছে, এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়, অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয় এবং মারমুখী আচরণের পাশাপাশি মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টিরও চেষ্টা করা হয়।
ঘটনার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনগুলো দ্রুত দোষীদের চিহ্নিত করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।