জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, ২১ হলে রোপণ হবে দুই হাজার গাছ

জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, ২১ হলে রোপণ হবে দুই হাজার গাছ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ‘তরুপল্লভ’ ও ' ব্র্যাক ব্যাংক' এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে প্রায় ২ হাজার ঔষধি, ফলজ, শোভাবর্ধনকারী ও দেশীয় প্রজাতির গাছ লাগানো হবে। পাশাপাশি দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার গাছ রোপণের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে তরুপল্লভের সাধারণ সম্পাদক মুকারম হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে তরুপল্লভ পরিবেশ ও উদ্ভিদ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এ বছর ব্র্যাক ব্যাংকের সহায়তায় দেশের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেশীয় ও সংরক্ষণযোগ্য উদ্ভিদকে অগ্রাধিকার দিচ্ছি।”

‎শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অব্যবহৃত ও খালি জায়গাগুলোকে কাজে লাগিয়ে বৃক্ষরোপণ করা হবে। এর মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিহির লাল শাহ। তিনি বলেন, “বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ রক্ষায় সবুজায়নের বিকল্প নেই। তরুণ প্রজন্ম এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

‎এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন হলের শিক্ষক-কর্মকর্তা, হল সংসদের নেতৃবৃন্দ এবং আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শুধু গাছ লাগানোই নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলোর টেকসই সংরক্ষণ নিশ্চিত করাও তাদের লক্ষ্য।


সম্পর্কিত নিউজ