{{ news.section.title }}
ইবিস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. তুষার আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর তত্ত্বাবধানে এই কমিটি গঠিত হয়। কমিটি গঠনকালে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মো. শাহাবুল আলম, অধ্যাপক ড. মো. আব্দুল বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আলাল উদ্দিন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, “ইবির জেলাকল্যাণ সমিতিগুলোর মধ্যে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি সক্রিয় ও সুনামধন্য সংগঠন। ভর্তি সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, নবীনবরণ-প্রবীণবিদায়সহ নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও মনন বিকাশে ভূমিকা রেখে আসছে। পূর্বসূরিদের ধারাবাহিকতা অনুসরণ করে কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ সংগঠনটিকে একটি আদর্শ ও রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবে।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি কাজ করে থাকে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন, শিক্ষাবিষয়ক সহায়তা এবং জেলার শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভূমিকা পালন করে সমিতিটি। এছাড়াও জাতীয় দিবস পালন, মানবিক সহায়তা কার্যক্রম এবং জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাটোর জেলার প্রতিনিধিত্ব করে আসছে। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ইসলামী বিশ্ববিদ্যালয় নাটোর জেলা কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।