{{ news.section.title }}
জবিকে নিয়ে ইউজিসির বাজেট বৈষম্যের প্রতিবাদে জকসুর মানববন্ধন
২০২৬-২০২৭ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাজেট বৈষম্যের প্রতিবাদ এবং বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে জকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের জন্য ঘোষিত বাজেটকে অপর্যাপ্ত উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং জকসুর নেতাকর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পদ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, গত বছরের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের জন্য উদ্বেগজনক। বৃদ্ধির পরিবর্তে কেন বাজেট কমানো হলো, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কাছে তারা স্পষ্ট ব্যাখ্যা চান।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় সব ক্ষেত্রেই অবহেলার শিকার হয়েছে। অবকাঠামো, আবাসন, গবেষণা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার দিক থেকে এখনও বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে রয়েছে। তার মতে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমান সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিক বাজেট পাওয়ার যোগ্য। কিন্তু নতুন অর্থবছরে বরাদ্দ কমে যাওয়া হতাশাজনক। তিনি বর্তমান সরকারের কাছে বাজেট পুনর্বিবেচনা করে অন্তত দ্বিগুণ করার দাবি জানান।
জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজনৈতিক কারণেও বৈষম্যের শিকার হয়েছে বলে শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা ছিল। তারা আশা করেছিলেন নতুন সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কিন্তু বাস্তবে বাজেট কমে যাওয়ায় শিক্ষার্থীদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি আবাসিক হলের ব্যবস্থা করা হলেও বর্তমান সরকার এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। গবেষণা, আবাসন সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বড় পরিসরের বিনিয়োগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
জকসুর এজিএস মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত চাহিদা এবং একাডেমিক সম্প্রসারণের প্রয়োজনীয়তার তুলনায় বর্তমান বরাদ্দ যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা, আবাসন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট প্রদান করা হয়েছে। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।