{{ news.section.title }}
নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জাবি নেতা দেলোয়ার গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাতে ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
দেলোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বাতিল করা হয়।
এছাড়াও ওই হামলার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি তিনি এবং বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় লেগুনা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।