জবিতে শিবিরের তিন দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠান শুরু

জবিতে শিবিরের তিন দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠান শুরু
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দুপুর ১টায় তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণের মাধ্যমে এটি শুরু হয়। দ্বিতীয় দিনে ব্যবসায় শিক্ষা, চারুকলা ও ইনস্টিটিউট এবং তৃতীয় দিনে বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদের নবীনবরণের মাধ্যমে এটি শেষ হবে।

 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "একটা জাতি স্লোগান, মিছিল-মিটিং আর আনন্দ-ফুর্তি করার মধ্য দিয়ে কখনো গড়ে উঠতে পারে না। বাংলাদেশের অপার সম্ভাবনা আছে এবং ছিল।

 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের শিক্ষা কাঠামোর মধ্যে এমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই, যে শিক্ষা কাঠামো আমাদের অনার্স-মাস্টার্স পাশের পরে একটা নিশ্চয়তা দিতে পারবে যে, সার্টিফিকেট নিয়ে যাওয়ার পর পরই তোমার জন্য এত এত কর্মসংস্থানের ব্যবস্থা আছে। উন্নত দেশগুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা মূলত ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড। কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করার আগে নিশ্চিত করা হয় যে, ওই বিভাগের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা (MOU) হওয়ার পরই বিভাগ চালু করা হয়। এর ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে, কারণ ভবিষ্যতে তারাই এসব শিক্ষার্থীকে নিয়োগ দেবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে।"

 

বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন,  "তোমরা তরুণ মন, তোমরাই পারো জাতির পরিবর্তন আনতে। আমি তোমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছি যতক্ষণ না তোমাদের মতো মানুষদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেছে নেওয়া সম্ভব হচ্ছে; প্রাইভেট, পাবলিক, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে তরুণ মন, প্রতিভাবান মন, বহুমুখী মেধার মন, সৃজনশীল চিন্তাধারার মন, উদ্ভাবনী ক্ষমতার মন, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা স্ব-স্ব জায়গায় বসাতে পারব না, ততক্ষণ পর্যন্ত এই দেশ সৃজনশীলতা এবং প্রতিভা দেখতে পাবে না। যদি তোমরা প্রতিভাবান হও, যদি তোমরা সত্যিই যোগ্য হও, নিশ্চিতভাবেই মানুষ তোমাদেরকে আমন্ত্রণ জানাবে। সত্যিকার অর্থে তোমার যদি ক্যাপাসিটি থাকে এই জগতে, আমার মনে হয় না কেউ তোমাদেরকে আর আটকে রাখতে পারবে।

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, "প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন, বিশেষ করে হল আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন এবং কারাবরণও করেছেন।" এছাড়া, সাম্প্রতিক জকসু নির্বাচনের ফলাফল শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের গ্রহণযোগ্যতার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনার বাবা-মা এই ক্যাম্পাসে আপনাকে পাঠিয়েছে একটা বুকভরা স্বপ্ন নিয়ে। আমরা প্রত্যাশা করছি, আপনারা সেই স্বপ্ন, আল্লাহ রাব্বুল আলামীনের সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার বাকি জীবন অতিবাহিত করবেন এবং আপনার এই মেধা, মননশীলতা ও নৈতিকতা দিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।"

 

শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সাধারণ সম্পাদক ও জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী সহ অন্যান্য আলোচক বৃন্দ 


সম্পর্কিত নিউজ