চবিতে সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফার সাহিত্য নিয়ে দিনব্যাপী যৌথ সেমিনার

চবিতে সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফার সাহিত্য নিয়ে দিনব্যাপী যৌথ সেমিনার
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বাংলা সাহিত্যের দুই প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফার সাহিত্যকর্ম নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আহমদ ছফা তিন দশকেরও বেশি সময় বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর গাভী বিত্তান্ত একটি কালজয়ী রচনা। অন্যদিকে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত লালসালু গ্রামীণ সমাজের কুসংস্কার ও শোষণের বাস্তবচিত্র তুলে ধরেছে। তিনি সেমিনারের সফলতা কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফা বাংলা সাহিত্যের দুই প্রথিতযশা লেখক। আহমদ ছফা তাঁর লেখনীর মাধ্যমে মানুষের চিন্তা ও বিশ্বাসকে নাড়া দিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সমাজের বৈষম্য ও নানা অসংগতির বিরুদ্ধে সাহিত্য রচনা করেছেন।

 

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, সমাজের নানা সমস্যা, কুসংস্কার ও রাজনৈতিক বাস্তবতা তাঁদের সাহিত্যে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁদের সাহিত্য নতুন প্রজন্মকে সমাজ ও ইতিহাস সম্পর্কে গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির বিশিষ্ট অনুবাদক মোজাফফর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শারমিন মুস্তারী।

 

উদ্বোধনের পর প্রথম অধিবেশনে "মিখাইল বাখতিনের আলোকে সৈয়দ ওয়ালীউল্লাহ্" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক (পিআরএল) ড. মোহাম্মদ মহীবুল আজিজ। প্রবন্ধের ওপর আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এবং অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়।

 

দ্বিতীয় অধিবেশনে "আহমদ ছফার পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ: প্রকৃতি ও মানুষের আন্তঃসম্পর্কের বয়ান" শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলম চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রাবন্ধিক, কবি ও নাট্যকার অভীক ওসমান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।

 

দিনব্যাপী সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, সাহিত্য অনুরাগী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


সম্পর্কিত নিউজ