{{ news.section.title }}
চবি ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের যৌথ সভায় ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। সভায় হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন। পরে আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। একাডেমিক ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক এবং ভৌত অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, প্রয়োগমুখী (ট্রান্সলেশনাল) গবেষণা সম্প্রসারণ এবং বিশ্ব র্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেট সদস্যদের গঠনমূলক মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস. এম. ফজলুল হক, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, মোহাম্মদ আলী, এম. সিরাজ উদ্দিন মিয়া, সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনলাইনে অংশ নেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
এ ছাড়া ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. শাহাদাত হোছাইন, অধ্যাপক ড. মোরশেদুর রহমান, হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।