জাবিতে ছাত্রদলের উদ্যোগে চালু হলো বাসের লাইভ ট্র্যাকিং সেবা

জাবিতে ছাত্রদলের উদ্যোগে চালু হলো বাসের লাইভ ট্র্যাকিং সেবা
ছবির ক্যাপশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • Author, রাহাদ সাদি, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে চালু হয়েছে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

ছাত্রদল নেতারা জানান, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে সব বাসকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন থেকেই বাসের তাৎক্ষণিক অবস্থান দেখতে পারবেন। এছাড়া বাসের সম্ভাব্য আগমনের সময়, বিলম্ব কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে। এতে শিক্ষার্থীদের সময় অপচয় কমবে এবং যাতায়াত আরও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে দুটি বাসে চালু করা হলেও ধীরে ধীরে সব বাসকে এর আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা এখন সহজেই বাস কোথায় আছে এবং কখন পৌঁছাবে, তা জানতে পারবে। এতে তাদের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীবান্ধব প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ