রাবিতে গ্রীন ভয়েসের প্রীতি পরিবেশ বিতর্কের সমাপনী

রাবিতে গ্রীন ভয়েসের প্রীতি পরিবেশ বিতর্কের সমাপনী
ছবির ক্যাপশান, রাবিতে গ্রীন ভয়েসের প্রীতি পরিবেশ বিতর্কের সমাপনী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রীন ভয়েসের আয়োজনে ছাত্রীদের ৬টি আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়ে প্রীতি পরিবেশ বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের সমাপনীতে মন্নুজান হল ও তাপসী রাবেয়া হল মুখোমুখি অংশগ্রহণ করেন।

রবিবার (১৭ মে) বিকাল ৪টায়  বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে উক্ত প্রীতি পরিবেশ বিতর্ক ২০২৬ এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

 

যেখানে ছাত্রীদের ৬টি হল- মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল, রহমতুন্নেসা হল, জুলাই ৩৬ হল এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেখানে বিতর্কে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হয়ে যুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিতর্কে দুই দলের বিতার্কিকরাই চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মর্জিনা বেগম এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও সচেতন করে তোলার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

উক্ত আয়োজন সম্পর্কে গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব বলেন, 'ক্যাম্পাসকে একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিত কাজ করছি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি আরও আগ্রহী করতে প্রীতি পরিবেশ বিতর্কের আয়োজন করা।'

 

গ্রীন ভয়েসের বিতর্ক সম্পাদক ইকরার সঞ্চলনায় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের সনদপত্র, অংশগ্রহণকারী সকল হলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় গ্রীন ভয়েস রাবির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ইরফান, কোষাধ্যক্ষ রাশেদ সহ সংশ্লিষ্ট হলগুলোর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ