ঢাবি সিনেট সদস্য হিসেবে নিয়োগ পেলেন ৫ বিশিষ্টজন

ঢাবি সিনেট সদস্য হিসেবে নিয়োগ পেলেন ৫ বিশিষ্টজন
ছবির ক্যাপশান, ঢাবির সিনেট ভবন | ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গবেষণা সংস্থার প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমানসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। গত ৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের এই মনোনয়ন দেওয়া হয়। পরে বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মনোনীত অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।


ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২০(১)(জি) অনুযায়ী গবেষণা সংস্থার প্রতিনিধি হিসেবে তাদের সিনেট সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে সিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, বাজেট অনুমোদন, একাডেমিক উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সিনেটের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট ১০৫ জন সদস্য রয়েছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক মনোনীত গবেষণা সংস্থার পাঁচজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকেন। এবারের মনোনয়নের মাধ্যমে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও সংস্কৃতি অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ পরিষদে যুক্ত করা হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, তাদের অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২০(১)(এ), (বি) ও (সি) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ পদাধিকারবলে সিনেটের সদস্য হয়ে থাকেন। এছাড়া আর্টিকেল ২০(১)(ডি) অনুযায়ী সরকার কর্তৃক মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, আর্টিকেল ২০(১)(ই) অনুযায়ী স্পিকার কর্তৃক মনোনীত পাঁচজন সংসদ সদস্য এবং আর্টিকেল ২০(১)(এফ) অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন শিক্ষাবিদ সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


অন্যদিকে আর্টিকেল ২০(১)(এইচ) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের পাঁচজন অধ্যক্ষ, আর্টিকেল ২০(১)(আই) অনুযায়ী অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ১০ জন শিক্ষক প্রতিনিধি, আর্টিকেল ২০(১)(জে) অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর্টিকেল ২০(১)(কে) অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত ২৫ জন প্রতিনিধি এবং আর্টিকেল ২০(১)(এল) অনুযায়ী শিক্ষক কর্তৃক নির্বাচিত ৩৫ জন শিক্ষক প্রতিনিধি সিনেটে অন্তর্ভুক্ত থাকেন।


এছাড়া আর্টিকেল ২০(১)(এম) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক মনোনীত পাঁচজন ছাত্র প্রতিনিধিও সিনেটের সদস্য হয়ে থাকেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, গবেষণা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।


সম্পর্কিত নিউজ