{{ news.section.title }}
নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’
স্টুডিওর চারদেয়াল থেকে বেরিয়ে ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে শুটিং করার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলায়। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত এক দৃষ্টিনন্দন ও জমকালো মঞ্চে এই পর্ব ধারণ করা হয়।
বরাবরের মতো এবারের পর্বেও থাকছে দর্শকদের জন্য বৈচিত্র্যময় নানা আয়োজন ও বিশেষ আকর্ষণ। এর মধ্যে দুটি নতুন গান বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রথম গানটি গেয়েছেন নরসিংদীর সন্তান জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় তৈরি এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। আধুনিক সংগীতের সঙ্গে লোকজ আবহের সংমিশ্রণে গানটি নরসিংদীর সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দ্বিতীয় গানটি দিয়ে শুরু হবে পুরো অনুষ্ঠান। নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে নির্মিত এই নৃত্যগীতের কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে পরিবেশিত এই গানের সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে তৈরি কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
এবারের দর্শকপর্বেও রয়েছে ভিন্নধর্মী আয়োজন। নরসিংদীকে ঘিরে করা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে চারজন দর্শককে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকেরা পরে নরসিংদীর ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে তৈরি একটি নাট্যাংশে অংশ নেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে তথ্যভিত্তিক প্রতিবেদনের অংশে উঠে আসছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিস্তারিত বিবরণ। পাশাপাশি এই জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিত্বদের জীবন ও অবদান নিয়েও রয়েছে বিশেষ প্রতিবেদন। নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর একটি তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদনও এবারের পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।
এছাড়া ‘ইত্যাদি’র নিয়মিত আয়োজনে এবারও থাকছে কাশেম টিভির সাংবাদিক ও তার নাতির মধ্যকার হাস্যরসাত্মক আড্ডা, যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে। পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে তৈরি তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এবারের পর্বে।
নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।
উল্লেখ্য, ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি দেশজুড়ে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক বার্তাও দিয়ে আসছে। বহুল প্রতীক্ষিত ‘ইত্যাদি’র নরসিংদী পর্বটি আগামী ৫ জুন (শুক্রবার) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে।
প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পর্বে নরসিংদীর স্থানীয় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও আধুনিক বিনোদনের সমন্বয় দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে।