{{ news.section.title }}
অবতরণের সময় ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত
ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনার পরপরই বিমান বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে সরকার অবগত রয়েছে। তিনি জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এএন-৩২ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন বিমান হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এটি সেনা সদস্য, রসদ এবং সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। বিমানটিকে অনেক সময় ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমানও বলা হয়।
সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিমানটির বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিকূল আবহাওয়া এবং কঠিন ভৌগোলিক পরিবেশে কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা। উচ্চ পার্বত্য অঞ্চল, সীমান্তবর্তী দুর্গম এলাকা এবং উষ্ণ জলবায়ুতেও এটি নির্ভরযোগ্যভাবে পরিচালিত হতে পারে।
এএন-৩২ একসঙ্গে প্রায় ৭.৫ টন মালামাল পরিবহন করতে পারে। এছাড়া এতে প্রায় ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনের সক্ষমতা রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন দুর্গম এলাকায় সেনাবাহিনীর রসদ সরবরাহে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।