সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি দিবেন থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি দিবেন থালাপতি
ছবির ক্যাপশান, সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি দিবেন থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্য সরকারের নতুন এই উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এই প্রকল্পকে তামিলনাড়ুর অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। নবজাতকদের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই প্রথা অনুযায়ী, নবজাতকের মামা শিশুকে আশীর্বাদস্বরূপ বিভিন্ন উপহার প্রদান করেন। সেই সাংস্কৃতিক ধারণা থেকেই সরকারিভাবে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবজাতকদের প্রতি ভালোবাসা ও পরিবারের প্রতি সামাজিক সহায়তার প্রতীক হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে মানুষকে আরও উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

 

সরকারি তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই প্রকল্পের আওতায় আসবে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

 

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দের পরিকল্পনা করেছে। সরকার মনে করছে, এই উদ্যোগ নবজাতকদের পরিবারকে আর্থিকভাবে কিছুটা সহায়তা করবে এবং একই সঙ্গে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকেও আরও শক্তিশালী করবে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প নয়, বরং সরকারের জনসম্পৃক্ততা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগও। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্পের উল্লেখ ছিল। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার এখন এই কর্মসূচি চালুর দিকে এগোচ্ছে।


সম্পর্কিত নিউজ