{{ news.section.title }}
বন্ধুদের চাপে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন? জানুন পিয়ার প্রেশার ও মস্তিষ্কের আদিম লড়াই!
আড্ডার মাঝে বন্ধুদের কোনো অন্যায্য আবদার নাকচ করে দেওয়া কি আপনার কাছে পাহাড়সম কঠিন কিছু মনে হয়? বিজ্ঞানের ভাষায়, মানুষের মস্তিষ্ক প্রায় সবসময়ই সামাজিক স্বীকৃতি খোঁজতে থাকে। আর যখন আমরা বন্ধুদের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় পাই, তখনই শিকার হই 'অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন'-এর মতো এক মানসিক অস্থিরতার। এই পিয়ার প্রেশার শুধু যে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে তা কিন্তু নয় বরং এটি ধীরে ধীরে একজন পুরুষের আত্মবিশ্বাসকেই ধ্বংস করে দেয়।
পুরুষ মনস্তত্ত্ব ও 'অ্যালফা' ইমেজ বজায় রাখার চাপ!
পুরুষদের সামাজিকীকরণের প্রক্রিয়ায় ছোটবেলা থেকেই সাহস এবং দৃঢ়তা প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়। যখন বন্ধুরা মিলে কোনো ঝুঁকি গ্রহণ করে। যেমন: দ্রুত গতিতে গাড়ি চালানো, ধূমপান শুরু করা বা অপ্রয়োজনীয় তর্কে জড়ানো, তখন কেউ যদি পিছিয়ে আসতে চায়, তাকে প্রায়ই ভীতু বা দুর্বল বলে উপহাস করা হয়। আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি এই সামাজিক প্রত্যাখ্যানকে সরাসরি বিপদ হিসেবে গ্রহণ করে থাকে। ফলে দল থেকে বাদ পড়ার ভয়ে পুরুষরা প্রায় অনেক সময়ই নিজের যুক্তিবোধ বিসর্জন দিয়ে গ্রুপের সিদ্ধান্তের সাথে একাত্ম হন।
বন্ধুদের কাছ থেকে পাওয়া সামান্য হাততালি বা প্রশংসা মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসরণ করে। এই ডোপামিনের তাড়নায় মানুষ অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নয়ে ফেলে, যা সে একা থাকলে কখনোই হয়তো করত না। একে বলা হয় গ্রুপ থিঙ্ক, যেখানে দলের সংহতি বজায় রাখতে গিয়ে ব্যক্তিগত যুক্তি কাজ করে না।
পুরুষদের মধ্যে পিয়ার প্রেশারের ধরণ:
পুরুষদের গ্রুপে এই চাপ সরাসরি বা পরোক্ষ দুইভাবেই আসতে পারে। যেমন:
⇨ নেতিবাচক অভ্যাস: ধূমপান, মদ্যপান বা মাদক গ্রহণের জন্য উস্কানি।
⇨ আর্থিক চাপ:বন্ধুদের সাথে তাল মিলিয়ে সামর্থ্যের বাইরে খরচ করা বা দামী গ্যাজেট কেনা।
⇨ আচরণগত পরিবর্তন:অন্যদের হাসাতে গিয়ে কাউকে ছোট করা বা আক্রমণাত্মক আচরণ করা।
সিদ্ধান্তহীনতা: নিজের ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের লক্ষ্য থাকলেও বন্ধুদের হাসাহাসির ভয়ে তা প্রকাশ না করা।
পিয়ার প্রেশার কাটিয়ে ওঠার উপায়:
বন্ধুদের সাথে সম্পর্ক ঠিক রেখেও নিজের ব্যক্তিত্ব বজায় রাখা সম্ভব। এর জন্য কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে।
☞ 'না' বলতে শেখা (Assertiveness): কোনো প্রস্তাবে রাজি না হলে সরাসরি কিন্তু বিনয়ের সাথে 'না' বলুন। কোনো অজুহাত দেওয়ার চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করা বেশি কার্যকর।
☞ একই মানসিকতার বন্ধু খোঁজা: আপনার আদর্শের সাথে মেলে এমন অন্তত একজন বন্ধু গ্রুপে থাকলে পিয়ার প্রেশার মোকাবিলা করা সহজ হয়। একে বলা হয় 'অ্যালি সাপোর্ট' (Ally Support)।
☞ ভ্যালু সেট করা: নিজের জীবনের লক্ষ্য এবং মূল্যবোধ আগে থেকেই ঠিক করে রাখুন। এতে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বন্ধুদের চাপের চেয়ে আপনার লক্ষ্য আপনার কাছে বেশি প্রাধান্য পাবে।
☞ পরিণাম চিন্তা করা:কোনো কাজে সায় দেওয়ার আগে ৫ সেকেন্ড সময় নিন এবং ভাবুন এর দীর্ঘমেয়াদী ফলাফল কী হতে পারে।
বন্ধুরা আমাদের জীবনের এক অপরিহার্য অংশ ঠিকই। কিন্তু সেই বন্ধুত্ব যদি আপনার ব্যক্তিগত উন্নয়ন বা মানসিক শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে সেখানে সীমারেখা টানা খুবই জরুরি। সত্যিকারের বন্ধুরা আপনার দুর্বলতাকে উপহাস করবে না। উল্টো আপনার সঠিক সিদ্ধান্তকে সম্মান জানাবে। নিজের ব্যক্তিত্ব হারানো মানে হলো ভিড়ের মাঝেই হারিয়ে যাওয়া। তাই বন্ধুদের ভিড়েও নিজের কণ্ঠস্বর এবং সিদ্ধান্ত বজায় রাখাই হলো একজন আত্মবিশ্বাসী পুরুষের পরিচয়।