{{ news.section.title }}
দেশের কয়েকটি বিভাগে ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা
দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি কিছু সময় অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এতে এসব অঞ্চলের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। এদিকে পানি উন্নয়ন বোর্ডও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। সম্ভাব্য বন্যার পানি প্রবেশের আগেই হাওর অঞ্চলের ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।