তারকাদের বাদ দিয়ে নতুনদের নিয়ে বিশ্বকাপে মরক্কো

তারকাদের বাদ দিয়ে নতুনদের নিয়ে বিশ্বকাপে মরক্কো
ছবির ক্যাপশান, তারকাদের বাদ দিয়ে নতুনদের নিয়ে বিশ্বকাপে মরক্কো
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া দলটি এবারও অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে বিশ্বমঞ্চে নামতে যাচ্ছে। তবে ঘোষিত দলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে কয়েকজন অভিজ্ঞ তারকার বাদ পড়া এবং নতুন মুখের অন্তর্ভুক্তি।

নতুন কোচ মোহাম্মদ উয়াহবির ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন পিএসজির তারকা ডিফেন্ডার ও অধিনায়ক আশরাফ হাকিমি, রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ, আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো, ম্যানচেস্টার ইউনাইটেডের নুসাইর মাজরাউই এবং মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত। চোটের কারণে শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে ডিফেন্ডার নায়েফ আগের্ডকে।

 

তবে দলে জায়গা হয়নি মরক্কোর অভিজ্ঞ ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি ও মিডফিল্ডার হাকিম জিয়েশের। বিশেষ করে এন-নেসিরির বাদ পড়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার গোলেই জয় পেয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে উঠেছিল মরক্কো।

 

ঘোষিত দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিলের তরুণ মিডফিল্ডার আয়্যুব বাউআদ্দি। ফ্রান্স যুব দলের হয়ে খেলা এই ফুটবলার সম্প্রতি মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ফিফার অনুমোদন পাওয়ার পরই তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি মরক্কোর নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে আলোচনায় এসেছেন।

 

বাউআদ্দির পাশাপাশি প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড আয়ুব আমাইমুনি। অন্যদিকে কাতার বিশ্বকাপে আলো ছড়ানো কয়েকজন ফুটবলার এবার স্কোয়াডে নেই। সোফিয়ান বুফাল, আশরাফ দারি ও জাওয়াদ এল ইয়ামিকের মতো খেলোয়াড়দের বাদ পড়াও আলোচনার জন্ম দিয়েছে।

 

মরক্কোর নতুন কোচ উয়াহবি চলতি বছরের মার্চে ওয়ালিদ রেগরাগুইয়ের জায়গায় দায়িত্ব নেন। রেগরাগুইয়ের অধীনেই কাতার বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে উঠেছিল। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন। অভিজ্ঞদের একটি অংশ ধরে রাখলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণদের ওপরও আস্থা রেখেছেন তিনি।

 

বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার পর মরক্কো খেলবে স্কটল্যান্ডের সঙ্গে, এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।

 

মরক্কোর বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ইয়াসিন বুনো, মুনির মোহামেদি, আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেল্লামারি, নায়েফ আগের্ড, ছাদি রিয়াদ, ইসা দিয়প, রেদোয়ান হালহাল, আশরাফ হাকিমি ও জাকারিয়া এল ওউয়াহদি।

মিডফিল্ডার: সামির এল মুরাবেত, আয়্যুব বাউআদ্দি, নীল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজেদ্দিন ওউনাহি, বিলাল এল খাননুস ও ইসমাইল সাবিরি।

ফরোয়ার্ড: আবদে এজালজুলি, ছেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আয়ুব আমাইমুনি।

 

সব মিলিয়ে মরক্কোর দল ঘোষণায় স্পষ্ট, কাতার বিশ্বকাপের সাফল্যের স্মৃতি ধরে রেখে এবার নতুন ভারসাম্য খুঁজছে অ্যাটলাস লায়ন্সরা। অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে তরুণ শক্তির সমন্বয়ে বিশ্বকাপে আরেকবার বড় চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার এই শক্তিশালী দল।


সম্পর্কিত নিউজ