ইংল্যান্ড ম্যাচের আগে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, কী সেই কারণ?

ইংল্যান্ড ম্যাচের আগে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, কী সেই কারণ?
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বিশেষ একটি অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঐতিহাসিক গুরুত্ব ও জার্সির রঙের সামঞ্জস্য-দুই কারণেই ফিফার কাছে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সির বদলে নীল অ্যাওয়ে জার্সি পরে খেলার অনুমতি চেয়েছে।

আর্জেন্টিনা জাতীয় দলের নির্ভরযোগ্য সাংবাদিক গ্যাস্তোন এদুল প্রথম এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন। পরে তিনি জানান, ফিফা আর্জেন্টিনার আবেদন গ্রহণ করেছে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের নীল অ্যাওয়ে জার্সিতেই মাঠে নামার সম্ভাবনা প্রবল।

 

জার্সি পরিবর্তনের পেছনে শুধু কুসংস্কার নয়, রয়েছে বিশ্বকাপ ইতিহাসের দুটি অবিস্মরণীয় স্মৃতিও।

 

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর সময় আর্জেন্টিনার গায়ে ছিল নীল জার্সি। সেই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনা করেছিলেন ফুটবল ইতিহাসের দুই সবচেয়ে আলোচিত গোল-বিতর্কিত 'হ্যান্ড অব গড' এবং কয়েক মিনিট পরই মাঝমাঠ থেকে শুরু করে ইংল্যান্ডের পুরো রক্ষণভাগ ভেঙে করা 'গোল অব দ্য সেঞ্চুরি'। ওই জয় শেষে বিশ্বকাপও জিতেছিল আর্জেন্টিনা।

 

এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোতেও ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরেই মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। সেই স্মৃতিও আর্জেন্টাইন সমর্থকদের কাছে এখনও বিশেষ জায়গা দখল করে আছে।

 

অন্যদিকে আকাশি-সাদা হোম জার্সি পরে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুখস্মৃতি খুব বেশি নেই। ১৯৬২ সালের গ্রুপ পর্ব এবং ১৯৬৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছেই হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই পরিসংখ্যানও সমর্থকদের মধ্যে নীল জার্সিকে 'লাকি চার্ম' হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

তবে আবেগের পাশাপাশি বাস্তব কারণও রয়েছে। ফিফার ম্যাচ সূচি অনুযায়ী সেমিফাইনালে ইংল্যান্ডকে 'হোম টিম' হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে থ্রি লায়ন্সরা তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরবে। জার্সির রঙের পর্যাপ্ত পার্থক্য নিশ্চিত করতে আর্জেন্টিনার অ্যাওয়ে কিট ব্যবহারের বিষয়টি ফিফার নিয়মের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

 

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা এরই মধ্যে একবার অ্যাওয়ে জার্সি পরে খেলেছে। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল লিওনেল স্কালোনির দল।

 

আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক লড়াইয়ের ৪০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এবার নীল জার্সি আবারও আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে আনে কি না, সেদিকেই তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।


সম্পর্কিত নিউজ