চবি রেলস্টেশনে ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন সহপাঠীরা

চবি রেলস্টেশনে ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন সহপাঠীরা
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশনে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ভুক্তভোগীর সহপাঠীরা। পরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অভিযুক্ত মো. শাহিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী।

 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম শহরমুখী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত শাহিন শেখ তার সঙ্গে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সহপাঠীরা শাহিনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন।

 

পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। একই রাতে ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা দায়ের করলে মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, "ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।"

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, "বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।"


সম্পর্কিত নিউজ