{{ news.section.title }}
কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় জাবির চার শিক্ষার্থীকে শোকজ, তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় কালেমা খচিত একটি পতাকা টানানো হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের মোহাম্মদ রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন সুমন, ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম এবং সিএসই বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান।
তদন্ত কমিটির অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন হলের ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল ও ড. সাহাদাত হোসেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কক্ষের আবাসিক হওয়ায় এ ঘটনার দায় থেকে তারা নিজেদের অব্যাহতি দিতে পারেন না। তাদের আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিক্রমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রয়োজনে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকারী ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হবে। এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”