{{ news.section.title }}
ইবিতে দুই বিভাগে শিক্ষক নিয়োগ, অভিযোগের মুখে এক বিভাগে স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে দু’জন এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ ওঠায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ২৭৪ তম সিন্ডিকেট সভায় ‘নোট অব ডিসেন্ট’ রেখে এক বিভাগে স্থগিত রাখে কর্তৃপক্ষ।
নিয়োগ প্রাপ্তরা হলেন- কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের রুকাইয়া আখতার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. আতিকুর রহমান ও ফরহাদ হোসেন। মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে নিয়োগ স্থগিত হওয়া প্রার্থী হলেন- আইসিটি বিভাগের ২০০৮-৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফিরোজা নাজনীন। তার বিরুদ্ধে প্রথম বর্ষে একটি কোর্সে অকৃতকার্য হওয়া, প্রথম বর্ষে সিজিপিএ ২.৯৮ অর্জন করা, অন্য একটি কোর্সে 'ইম্প্রুভ' দিলেও সার্টিফিকেট থেকে 'ইম্প্রুভ' শব্দটি মুছে ফলা, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সোমবার শুরু হওয়া সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে অভিযোগের বিষয় সামনে আসলে ‘নোট অব ডিসেন্ট’ থাকায় আপাতত স্থগিত রাখা হয়েছে এবং নিয়োগ স্বচ্ছ রাখতে স্বয়ং উপাচার্য পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছেন।
নিয়োগ পত্র সূত্রে জানা যায়, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ জুন অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭৪ তম (সাধারণ) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের বিজ্ঞাপিত স্থায়ী প্রভাষক পদে দুই বছরের প্রবেশনের শর্তে সাপেক্ষে নিয়োগ করা হয়েছে।
শর্তগুলো হলো- নিয়োগপ্রাপ্তরা ২২০০০-৫৩০৬০/- টাকা (৯ম গ্রেড) বেতন স্কেলে নিয়ম অনুযায়ী নির্ধারিতব্য মূল বেতন ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য ভাতাদিও পাবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০-এর স্ট্যাটিউটস, অর্ডিন্যান্স ও রেগুলেশনের শর্তাবলী দ্বারা তাদের চাকুরী নিয়ন্ত্রিত হবে এবং চাকুরীতে বহাল থাকাকালে বিশ্ববিদ্যালয় চাকুরী সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী প্রণয়ন করবে সেগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এছাড়া, নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলকভাবে গোষ্ঠী বীমায় অংশগ্রহণ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অথবা রেজিস্টার্ড মেডিক্যাল প্রাকটিশনার দ্বারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করিতে হবে এবং শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে সার্টিফিকেট যোগদান পত্রের সাথে দাখিল করতে হবে। পাশাপাশি সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও চাকুরীর পূর্ব অভিজ্ঞতা (যদি থাকে) প্রমাণপত্রসহ অন্যান্য সমস্ত মূল সার্টিফিকেট (ফেরৎযোগ্য) এবং তার প্রত্যেকটির ০১ (এক) টি করে অনুলিপি রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হইবে। অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরীরত থাকলে ছাড়পত্র দাখিল করতে হবে।
নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নিজে পরিবারের অন্য সদস্যদের জন্য যৌতুক দিবে না এবং যৌতুক নিবে না এই মর্মে একটি অঙ্গীকারনামা যোগদানপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগপত্রের শর্তে সম্মত হলে নিয়োগপ্রাপ্তদের এক মাসের মধ্যে যোগদানপত্র জমা দিতে হবে।