{{ news.section.title }}
পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য প্রাণে বাঁচল শিক্ষার্থীরা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। সে সময় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলছিল এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রেণিকক্ষে একজন শিক্ষিকা পাঠদান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে মেঝেতে আছড়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিশু ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাখাটি শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে। ফলে কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পাখাটি যদি সামান্য অন্যদিকে পড়ত, তাহলে শিক্ষক বা শিক্ষার্থীদের কেউ গুরুতর আহত হতে পারতেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং শ্রেণিকক্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
জানা গেছে, একই শ্রেণিকক্ষে এখনও আরও একটি বৈদ্যুতিক পাখা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক অভিভাবক বিদ্যালয় ভবনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঠদান চলাকালে হঠাৎ ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।