চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬

চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নাট্যোৎসব ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। দেশের প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের নাট্যমেলাটি উৎসর্গ করা হয়েছে তাঁকে।

নাট্যমেলার উদ্বোধন হবে ২৯ জুন (সোমবার) বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

 

উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত এবং ‘ঋজু লক্ষ্মী অবরোধ’ এর নব-নাট্যরূপে নির্মিত ‘উম্মাদ সাক্ষাৎকার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল ও রিয়াদূস সালেহিন। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত ‘তৃষ্ণায়’। নাটকটির নির্দেশনায় রয়েছেন মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।

 

মেলার দ্বিতীয় দিন ৩০ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দার রচিত ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। নাটকটির নির্দেশনায় রয়েছেন রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। রাত ৮টায় মঞ্চস্থ হবে ইয়ারোস্লাভা পুলিনোভিচ রচিত এবং সনজিত কুমার দে’র নব-নাট্যরূপকৃত ‘আকাশ কেন ডাকে’। এর নির্দেশনায় রয়েছেন সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ তাসনিয়া অহনা।

 

নাট্যমেলার শেষ দিন ১ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে আন্তন চেখভের কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। রাত ৮টায় মঞ্চস্থ হবে নিকোলাই এরডম্যান রচিত ‘দ্য সুইসাইড’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। এই নাটক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন। নাট্যমেলায় প্রদর্শিত প্রতিটি নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

 

নাট্যপ্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন আয়োজন করা হয়েছে পুতুলনাট্য প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন, নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। আয়োজকদের মতে, এসব আয়োজন দর্শকদের নাট্যকলার বিভিন্ন দিক সম্পর্কে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দেবে।

 

নাট্যমেলার আহ্বায়ক ও নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ বিশ্বাস করে এই নাট্যমেলা শিক্ষার্থী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সৃজনশীল বিনিময় এবং গবেষণাভিত্তিক নাট্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম নাট্যচর্চায় আরও উৎসাহিত হবে।

 

বিভাগীয় সভাপতি ফাহমিদা সুলতানা তানজী বলেন, এই আয়োজন সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে এবং আগামীর নাট্যশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা আশা করছি।

 

মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১ জুলাই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইস্রাফিল শাহীন। আয়োজকরা আশা করছেন, তিন দিনব্যাপী এ নাট্যমেলা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এবং তরুণ নাট্যকর্মীদের সৃজনশীল বিকাশে ভূমিকা রাখবে।


সম্পর্কিত নিউজ