{{ news.section.title }}
রাবি ইংলিশ স্পিকিং ক্লাবের সভাপতি রাশেদুল, সম্পাদক শিফা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইংলিশ স্পিকিং ক্লাব (আরইউইএসসি)-এর ২০২৬-২৭ সেশনের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার শিফা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন ও হাসিবুল হাসান সাকিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোসা. ফাতেমাতুস সালমা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রানা, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এস. এম. রেদোয়ান জুনায়েদ, যুগ্ম প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক মোসা. রিতু খাতুন, অর্থ সম্পাদক শাফিন কবির, যুগ্ম অর্থ সম্পাদক শিহাব আলী, মিডিয়া সম্পাদক তাজরিমা হক প্রমি, যুগ্ম মিডিয়া সম্পাদক তাসমিয়া ইসলাম ফিজা।
এছাড়াও, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. মাহাদী হাসান, যুগ্ম প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. জান্নাত-ই-আয়ান তনয়, নারী বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার সুমি, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা মজুমদার, দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব নাসিম, যুগ্ম দপ্তর সম্পাদক তাবাসসুম আক্তার রূপা, সাংস্কৃতিক সম্পাদক মোসা. রুকাইয়া শিদ্দিকা এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বরকতউল্লাহ।
নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, “বর্তমান বিশ্বে ইংরেজি শুধু একটি ভাষা নয়; এটি উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ এবং পেশাগত সাফল্যের জন্য একটি অপরিহার্য দক্ষতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের ইংরেজিতে কার্যকরভাবে যোগাযোগের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করা। আমরা এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে, নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে এবং বৈশ্বিক সুযোগের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।”
সাধারণ সম্পাদক তানিয়া আক্তার শিফা বলেন, “আরইউইএসসি শুধু একটি ছাত্রসংগঠন নয়; এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং ব্যক্তিগত বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। আগামী বছরে আমরা কর্মশালা, পাবলিক স্পিকিং সেশন, ইংলিশ কনভারসেশন প্রোগ্রাম, বিতর্ক, প্রতিযোগিতা এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা ও সফট স্কিল উন্নয়নে কাজ করব, যাতে তারা একাডেমিক ও পেশাগত জীবনে আরও সফল হতে পারে।”
উল্লেখ্য, নতুন কমিটির অনুমোদন দেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ড. ফারহাত তাসনিম, প্রফেসর ড. সাখাওয়াত হোসেন, প্রফেসর ড. শফিকুজ্জামান জোয়ার্দার, গোলাম মোর্শেদ, নাসিম রানা মাসুদ এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি রাফিউল হাসান।
প্রসঙ্গত, ২০২০ সালের ৬ জুন খোরশেদ আলম মিলনের নেতৃত্বে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাব (আরইউইএসসি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ইংরেজি ভাষা শিক্ষা, পাবলিক স্পিকিং, নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।