{{ news.section.title }}
ঢাবি’র ৪ জন শিক্ষক এবং ৩ জন কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত
বিভিন্ন অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব।
অন্যদিকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহান। বর্তমানে শারমিন জাহান লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাময়িক বরখাস্তকালীন সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।
তবে পৃথক অভিযোগে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও কোন ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সম্প্রতি বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসেন। অন্যদিকে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক বিষয় নিয়ে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা চলছিল।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এ সিদ্ধান্তের পর শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের দিকেই এখন নজর রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।