কবে প্রকাশ হবে এসএসসির ফল? জানালেন শিক্ষামন্ত্রী

কবে প্রকাশ হবে এসএসসির ফল? জানালেন শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

চলতি বছরের (২০২৬) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই কলেজে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমের মধ্যে দীর্ঘ সময়ের বিরতি রাখতে চান না। কারণ দীর্ঘ বিরতি থাকলে শিক্ষার্থীরা বিভিন্ন কোচিং সেন্টারের দিকে ঝুঁকে পড়ে, যা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

 

তিনি বলেন, “জুলাই মাসের ২০ তারিখে রেজাল্ট দেওয়ার পরে ইমিডিয়েটলি আমি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করছি। সিনক্রোনাইজ করছি যে-আমি এখানে সময় দেব না। দিলেইতো কোচিং সেন্টারে যাবে, কেন আমি সময় দেব? আমি তাদেরকে ভর্তি হতে তাড়াতাড়ি চেষ্টা করব।”

 

এর আগে গত ৮ জুলাই সচিবালয়েও শিক্ষামন্ত্রী একই সম্ভাব্য তারিখের কথা জানিয়েছিলেন। ফলে ২০ জুলাই ফল প্রকাশের বিষয়টি এখন প্রায় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ বছর সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফল প্রকাশের তারিখ নিয়ে আগ্রহ দেখা দেয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরাও এর অন্তর্ভুক্ত।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলাফল প্রস্তুতের পাশাপাশি বিভিন্ন শিক্ষা বোর্ডে তথ্য যাচাই-বাছাইয়ের কাজও চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশ করা হবে।

 

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএস সেবার মাধ্যমে ফল জানতে পারবে। একই সঙ্গে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অযথা বিরতি তৈরি না হয়।

 

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ ও দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা গেলে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি দ্রুত শুরু করতে পারবে। এতে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও সময়মতো শুরু করা সম্ভব হবে।


সম্পর্কিত নিউজ