ছয় শহরের বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

ছয় শহরের বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, ক্ষতি ২৩ বিলিয়ন ডলার
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

বাংলাদেশের ছয়টি প্রধান শহরে বায়ুদূষণ ভয়াবহ জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। সূক্ষ্ম বস্তুকণা (PM2.5) দূষণের কারণে এসব শহরে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। একই সঙ্গে বায়ুদূষণের প্রভাবে বছরে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৮২ হাজার ৪৯০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

 

ড. সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Pollution জার্নালে প্রকাশিত হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল-এই ছয়টি প্রধান শহরে পরিবেশের বায়ুদূষণের কারণে মানবস্বাস্থ্য ও অর্থনীতির ওপর প্রভাব বিশ্লেষণ করা হয়।

 

গবেষণায় দেখা গেছে, প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জনের মৃত্যু বায়ুদূষণজনিত কারণে ঘটছে। অর্থনৈতিক দিক থেকে বছরে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে, যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান।

 

স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণে দেখা যায়, বায়ুদূষণের কারণে বছরে হৃদরোগে মারা যাচ্ছেন ৩৭ হাজার ৫১৯ জন, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে ৮১১ জন।

 

শহরভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি অকালমৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকায়। সেখানে বছরে প্রায় ৬৮ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম (১১ হাজার ২০২ জন), রাজশাহী (২ হাজার ৮২৭ জন), খুলনা (২ হাজার ৬২৫ জন), সিলেট (১ হাজার ৪৮৮ জন) এবং বরিশাল (১ হাজার ৩৯৫ জন)।

 

গবেষণায় আরও উঠে এসেছে, ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে ছয়টি শহরেই PM2.5 দূষণজনিত অকালমৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ঢাকায়, যেখানে প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার ৪৮৪ জন করে অকালমৃত্যু বৃদ্ধি পেয়েছে। গবেষকদের মতে, নগরাঞ্চলে বায়ুদূষণের ক্রমাবনতিশীল পরিস্থিতি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

 

সংবাদ সম্মেলনে ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা প্রায়ই বায়ুদূষণকে শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখি। কিন্তু আমাদের গবেষণা বলছে, এর ফলে বছরে প্রায় ৮৮ হাজার অকালমৃত্যু এবং জিডিপির প্রায় ৫ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এটি নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে।”

 

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বায়ুর গুণগত মান-সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন, বিভিন্ন উৎস থেকে PM2.5 নির্গমন হ্রাস, নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার এবং প্রমাণভিত্তিক নীতি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণজনিত অকালমৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।


সম্পর্কিত নিউজ