গুচ্ছ ‘এ’ ইউনিটে প্রথম তৌকির, অকৃতকার্য প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী

গুচ্ছ ‘এ’ ইউনিটে প্রথম তৌকির, অকৃতকার্য প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী
ছবির ক্যাপশান, গুচ্ছ ‘এ’ ইউনিটে প্রথম তৌকির, অকৃতকার্য প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের 'এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি।

বুধবার (১৫ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পরিসংখ্যান অনুযায়ী এবছর‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৫.৩৫ শতাংশ (১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন) শিক্ষার্থী।

 

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০ শতাংশ (৩৮ হাজার ৮৮ জন) শিক্ষার্থী। অপরদিকে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬৯.৫০ শতাংশ (৮৭ হাজার ৭৪০ জন) শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন কারণে (বহিষ্কার, রোল, সেট ও শনাক্তকরণ ত্রুটি) ১১০ জনের ফলাফল বাতিল করা হয়েছে।

 

ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন তৌকির সিদ্দিকী ইশতি। তিনি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়া এ বছর 'এ' ইউনিটে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৪.২৫।

 

অন্যদিকে, ‘এ’ ইউনিটের আর্কিটেকচার বিষয়ের ফলাফলেও দেখা গেছে তুলনামূলক কম পাসের হার। এ বিভাগে মোট ৩ হাজার ৫৬১ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৪৬ জন, যা মোট শিক্ষার্থীর ৪২.৯০ শতাংশ।

 

অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছেন মাত্র ৯ শতাংশ (১৪০ জন) শিক্ষার্থী। বিপরীতে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯০.৫০ শতাংশ (১ হাজার ৪০৫ জন) শিক্ষার্থী। এছাড়া ১ জন পরীক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।

আর্কিটেকচার পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৫০ (রোল: ১৪৪০৮৬) এবং সর্বনিম্ন নম্বর ০।


সম্পর্কিত নিউজ