{{ news.section.title }}
ঢাবির "ক্ষণিকা" বাস দুর্ঘটনায় আহত ৮ শিক্ষার্থী
রাজধানীর মগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাসের অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, ফলে ভেতরে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ সংগঠনটির অন্যান্য নেতারা।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনসাফ বারাকা হাসপাতালে তিনজনকে নেওয়া হলে তাদের মধ্যে একজনের হাতে গুরুতর আঘাত থাকায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এদের একজনের নাকে সেলাই লেগেছে এবং হাতে আঘাত রয়েছে, অপরজন বুকে আঘাত পেয়েছেন।
তিনি আরও জানান, হলি ফ্যামিলি হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাত ও পায়ে আঘাত লেগেছে এবং ব্যান্ডেজ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া একজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।