কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে কাপ্তাই হ্রদের বালুচর এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ইনতিশার হাসনাত ও তাঁর তিন বন্ধু অবকাশ যাপনের উদ্দেশ্যে রাঙামাটিতে আসেন। শহরের বনরূপা সমতা ঘাট এলাকা থেকে তারা একটি দেশীয় ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে কাপ্তাই হ্রদের মনোরম বালুচর এলাকায় যান। সেখানে কিছু সময় ঘোরাঘুরির পর চার বন্ধু একসঙ্গে হ্রদের পানিতে নামেন। তবে সাঁতার না জানার কারণে একপর্যায়ে ইনতিশার গভীর পানিতে চলে গিয়ে তলিয়ে যান।

 

হঠাৎ তাকে পানির নিচে ডুবে যেতে দেখে বন্ধুরা উদ্ধার করার চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তারা স্থানীয়দের সহায়তা চান এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

প্রায় আধা ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল ইনতিশারকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

 

নিহত ইনতিশার হাসনাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসে বসবাসকারী মোহাম্মদ বেলাল উদ্দীনের ছেলে। তাদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার লিটন কান্তি দেব জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অন্যদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

এদিকে রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় পরিবারের সদস্য, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।


সম্পর্কিত নিউজ