{{ news.section.title }}
গুচ্ছের সাবজেক্ট চয়েসের ফল প্রকাশিত, প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৭ জুন।
শুক্রবার (৫ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের ফল প্রকাশ ও ভর্তি-সংক্রান্ত এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রাথমিক ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে প্রয়োজনীয় মূল কাগজপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির সুযোগ হারাবেন বলে জানানো হয়েছে।
ভর্তি-সংক্রান্ত কাগজপত্র হিসেবে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্র একটি A4 সাইজের খামে রাখতে হবে এবং খামের ওপর আবেদনকারীর GST রোল নম্বর ও ইউনিট উল্লেখ করতে হবে।
শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে সশরীরে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে পারবেন।
এদিকে, প্রাথমিক ভর্তি চলাকালে কোনো শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ মাইগ্রেশন’ সম্পন্ন করলে পরবর্তীতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন পুনরায় চালু করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আরও জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়বেন এবং চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে পারবেন না।
প্রসঙ্গত, এবারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে -ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।