চবিতে ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

চবিতে ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় রানার-আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) এর উদ্যোগে দুই দিনব্যাপী এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল আন্তর্জাতিক মানবিক আইন।

 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দেয়। পরবর্তীতে কঠোর মূল্যায়নের মাধ্যমে ১৬টি দল মৌখিক পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করে।

 

প্রতিযোগিতাটি প্রাথমিক রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল চারটি ধাপে অনুষ্ঠিত হয়। ৫ জুন প্রাথমিক রাউন্ড এবং ৬ জুন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক মানবিক আইনভিত্তিক জটিল আইনি সমস্যার ওপর যুক্তিতর্ক উপস্থাপন করে। বিচারক প্যানেল প্রতিটি দলের গবেষণার মান, আইনি বিশ্লেষণ এবং মৌখিক উপস্থাপনার দক্ষতা মূল্যায়ন করেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবধর্মী আইনি চর্চার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন। আয়োজকরা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক মানের মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল করিম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এ.ই.এম. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. রোকিবা নবী।

 

বক্তারা বলেন, মুট কোর্ট প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনগত দক্ষতা, গবেষণা সক্ষমতা, আদালত-সংশ্লিষ্ট অনুশীলন এবং আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্বও তুলে ধরেন।

 

প্রতিযোগিতায় বেস্ট মেমোরিয়াল পুরস্কার অর্জন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বেস্ট ইমার্জিং টিম নির্বাচিত হয় লিডিং বিশ্ববিদ্যালয়। এছাড়া বেস্ট ওরালিস্ট নির্বাচিত হন লিডিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামস আবিরুজ্জামান শাইয়ুম।


সম্পর্কিত নিউজ