{{ news.section.title }}
আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে চবিতে ছাত্রদল নেতা শাফায়াতের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
আসন্ন আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের প্রস্তুতিকে উৎসাহিত করতে খেলোয়াড়দের হাতে প্র্যাকটিস কিট তুলে দিয়েছেন ছাত্রদল নেতা মো. শাফায়াত হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী ১০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসতে যাচ্ছে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আসর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চবি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেনের উদ্যোগে দলের ৩৫ জন খেলোয়াড়ের মাঝে এ কিট বিতরণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এই সহায়তা খেলোয়াড়দের অনুশীলনে গতি আনবে এবং আসন্ন প্রতিযোগিতায় ভালো করার আত্মবিশ্বাস জোগাবে।
ক্যাম্পাসজুড়ে এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, খেলাধুলার উন্নয়নে এমন পৃষ্ঠপোষকতা দলগত সমন্বয় বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে।
মো. শাফায়াত হোসেন বলেন, “আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমাদের জন্য গর্বের একটি প্ল্যাটফর্ম। সঠিক প্রস্তুতি ও দলগত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল ভালো ফলাফল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। খেলোয়াড়দের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক প্রেনচ্যুং ম্রো বলেন, দলের জার্সি স্পন্সর করার জন্য শাফায়াত হোসেনের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞ। খেলোয়াড়দের পাশে থাকার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাকসু ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল এবং ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শোয়েবসহ সংশ্লিষ্টরা।