চট্টগ্রামে রাজনৈতিক কর্মসূচির ফাঁকে চবিতে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে রাজনৈতিক কর্মসূচির ফাঁকে চবিতে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ
ছবির ক্যাপশান, চবি উপাচার্যের দপ্তরে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতৃবৃন্দ
  • Author, আল আরাফ, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ফাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিদর্শন করেছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এমপি। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ক্যাম্পাসের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক পরিবেশ নিয়ে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসের শৃঙ্খলা, গবেষণা কার্যক্রম এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান আগত অতিথিদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই মিলে এবং সকলের সহযোগিতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই।”

এসময় নাহিদ ইসলাম এমপি উপাচার্যকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি, স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখতে শিক্ষার্থীদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”

এর আগে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ-অভ্যুত্থান হলে এনসিপির উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে অংশ নেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের পাশাপাশি এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও ছিলেন।


সম্পর্কিত নিউজ