হামে শিশু মৃত্যু ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

হামে শিশু মৃত্যু ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশান, হামে শিশু মৃত্যু ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। তারা স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করা এবং সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি জানান।

 

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যেখানে মানুষের জীবন নিরাপদ থাকবে। কিন্তু বর্তমানে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং স্বাস্থ্যসেবার সংকটে মানুষের মৃত্যু আমাদের হতাশ করছে। রাষ্ট্র এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।”

 

তিনি আরও বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিয়মিত বাংলাদেশি নাগরিক নিহত হলেও সরকার শক্ত অবস্থান নিতে পারছে না। দেশের সার্বভৌমত্ব ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে আরও দৃঢ় ভূমিকা প্রয়োজন।”

 

সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “গত দুই মাসে হাম ও হামের উপসর্গে শত শত শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। টিকা ব্যবস্থাপনায় দুর্বলতা, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।”

 

তিনি বলেন, “দ্রুত টিকার সরবরাহ নিশ্চিত ও শিশুদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে হবে। একইসঙ্গে সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশিকে সীমান্তে প্রাণ হারাতে না হয়।”

 

মানববন্ধনে বক্তারা স্বাস্থ্যখাতের সংস্কার, শিশুদের নিরাপদ চিকিৎসা এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


সম্পর্কিত নিউজ