{{ news.section.title }}
জলবায়ু সচেতনতায় চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক
“Climate Action” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ (চট্টগ্রাম অঞ্চল)”। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় চট্টগ্রাম অঞ্চলের চারটি বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন এনএসটিইউডিএস, সিওউডিএস, সিইউডিএস এবং চুয়েটডিএস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সিইউডিএসের মডারেটর ও আইন বিভাগের অধ্যাপক এ.বি.এম আবু নোমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন, উপ-পরিচালক সেলিনা আকতার এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যাসোসিয়েট মডারেটর নওরিন মনির প্রমা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আঞ্চলিক আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আগামীর সবুজ পৃথিবী গড়ার একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন।” তিনি বলেন, বর্তমান পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষই দায়ী এবং এ সংকট মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “আমাদের নদ-নদী, বনভূমি ও সমুদ্র উপকূল আজ হুমকির মুখে। নীতিনির্ধারণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
দুইটি প্রাথমিক রাউন্ড শেষে জমজমাট ফাইনালের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। যুক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং পরিবেশগত সংকট মোকাবিলায় কার্যকর করণীয় উপস্থাপনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সিইউডিএস।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারণে তরুণদের সম্পৃক্ততা এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের পরিবেশবান্ধব চিন্তা ও কার্যক্রমে আরও উৎসাহিত করবে।