পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন
ছবির ক্যাপশান, পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সৃষ্ট আলোচনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানটির অবকাঠামো, ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

 

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, সাম্প্রতিক ঘটনার পর হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করতে তিনজন স্বতন্ত্র বিশেষজ্ঞ পরামর্শকের তত্ত্বাবধানে কাজ চলছে। বিশেষ করে ভবনের ভেতরে আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহের অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

 

এছাড়া হাসপাতালের কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

প্রতিষ্ঠানটি আরও জানায়, নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। পরিচালনা পর্ষদ তার পদে নতুন পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে।

 

অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন।

 

শিক্ষাজীবনে তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ১৯৮০ সাল থেকে অলাভজনক ভিত্তিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

 

বর্তমানে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অধীনে দেশের বিভিন্ন স্থানে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং ১টি কলেজিয়েট স্কুল পরিচালিত হচ্ছে।

 

কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখের বেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

 

হাসপাতালটিতে বর্তমানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মরত জনবল রয়েছেন, যাদের অধিকাংশই নারী। পাশাপাশি আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, রোগীর নিরাপত্তা, মানসম্মত চিকিৎসাসেবা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক ঘটনার পর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আস্থা পুনর্গঠনের চেষ্টা করা হবে।
 


সম্পর্কিত নিউজ