ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত বিএসএফ সদস্য নিহত

ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত বিএসএফ সদস্য নিহত
ছবির ক্যাপশান, ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত বিএসএফ সদস্য নিহত

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। ভারতের উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন।

 

সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত এলাকায় প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে তিনি দায়িত্ব পালন করছিলেন। মুর্শিদাবাদের মিঠিপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন জিরো লাইনের কাছে তিনি নজরদারির দায়িত্বে ছিলেন।

 

খোলা আকাশের নিচে টহলরত অবস্থায় হঠাৎ বজ্রপাত তার ওপর আঘাত হানে। ঘটনাস্থলে থাকা অন্যান্য বিএসএফ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান।

 

পরে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় বিএসএফ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে সীমান্ত এলাকায় তীব্র বজ্রঝড় ও বৃষ্টিপাত হচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন সংশ্লিষ্ট সদস্যরা।

 

এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকাতেও বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। গঙ্গা নদী পারাপারের সময় নৌকায় থাকা অবস্থায় বজ্রাঘাতে তারা প্রাণ হারান।

 

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বর্ষাকালে বজ্রঝড়ের সময় খোলা জায়গা, নদী ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।

 

বিএসএফ সদস্য বিনীত কুমার দুবের মৃত্যুতে সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
 


সম্পর্কিত নিউজ