{{ news.section.title }}
মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্যামেরায় ধারণ করা ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। রোববার, ২৬ এপ্রিল নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
রঘু রাইয়ের ছেলে ও আলোকচিত্রী নীতিন রাই জানিয়েছেন, তার বাবা দুই বছর ধরে প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া মিললেও পরে ক্যানসার পাকস্থলী ও মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। বয়সজনিত জটিলতাও দেখা দিয়েছিল।
ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই শুধু ভারতীয় উপমহাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত ছিলেন তার শক্তিশালী ভিজ্যুয়াল গল্প বলার ক্ষমতার জন্য। ইন্দিরা গান্ধী, দালাই লামা, মাদার তেরেসাসহ বহু ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনার ছবি তুলেছেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। সে সময় ভারতের বিভিন্ন আশ্রয়শিবির ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের দুর্দশা, ক্ষুধা, অনিশ্চয়তা ও সংগ্রামের ছবি ধারণ করেন তিনি।
তার তোলা ছবিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অমূল্য দলিল হিসেবে বিবেচিত হয়। সেসব ছবিতে যুদ্ধের ভয়াবহতা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে মানুষের বেঁচে থাকার লড়াই এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা।
রঘু রাইয়ের কাজ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তার আলোকচিত্র শুধু সংবাদচিত্র ছিল না, ইতিহাসের নীরব সাক্ষ্য হিসেবেও মূল্যায়িত হয়েছে।
ভারতীয় সময় রোববার বিকেল ৪টায় নয়াদিল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।