পাকিস্তানে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা সোমবার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা সোমবার
ছবির ক্যাপশান, ইসলামাবাদে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ছবি: এএফপি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার ইঙ্গিত মিলেছে। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক আগামী সোমবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার ইঙ্গিত মিলেছে। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক আগামী সোমবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।

যদিও এ বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক অগ্রগতির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।

অ্যারিজোনার ফিনিক্সে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘অনেক ভালো অগ্রগতি হচ্ছে’ এবং দাবি করেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় ইতোমধ্যে আলোচনা ও সমঝোতার পর্যায়ে পৌঁছেছে। তার মতে, প্রক্রিয়াটি এখন দ্রুত এগোবে।

তবে ট্রাম্পের এই আশাবাদের বিপরীতে তেহরান থেকে এসেছে সতর্কবার্তা। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া কিছু বক্তব্য ‘বাস্তবতার বিকল্প সংস্করণ’।

বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো বা অনির্দিষ্টকালের জন্য সমৃদ্ধকরণ বন্ধ করার দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আল জাজিরাকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা শূন্যে নামিয়ে আনার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য নয়।

‘এটি আমাদের কৌশলগত রেড লাইন’, বলেন তিনি।

একই সুরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।’

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ‘ধূলিকণা’ পেয়ে যাবে। তবে তেহরান এসব দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

কূটনৈতিক সূত্রগুলো সতর্ক করে বলছে, এই ধরনের প্রকাশ্য বক্তব্য আলোচনাকে জটিল করে তুলতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি কূটনীতিকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করে, তাহলে আলোচনা ভেস্তে যেতে পারে। এমন পরিস্থিতিতে ইরান ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত বলেও জানান তিনি।


সম্পর্কিত নিউজ