{{ news.section.title }}
পরিবার থেকে দূরে, জাহাজেই ঈদ কাটালেন ৩১ বাংলাদেশি নাবিক
ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি। কিন্তু সেই আনন্দ থেকে দূরে, পারস্য উপসাগরের বুকে জাহাজেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’র ৩১ বাংলাদেশি নাবিক। হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে প্রায় তিন মাস ধরে জাহাজটি আটকে আছে।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাহাজের নেভিগেশন ব্রিজে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাহাজের মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খানের ইমামতিতে নামাজ আদায় করেন নাবিকরা। ঈদের জামাত শেষে দেশ, পরিবার ও নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া করেন তাঁরা।
পরিবার-পরিজন থেকে দূরে থাকায় ঈদের আনন্দের মধ্যেও নাবিকদের মধ্যে ছিল চাপা কষ্ট। এর আগে ঈদুল ফিতরও তাঁদের জাহাজেই কাটে। আশা ছিল, অন্তত ঈদুল আজহা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। কিন্তু হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না মেলায় সেই আশা পূরণ হয়নি।
জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘এমভি বাংলার জয়যাত্রা’ গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে।
জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল ভারতের মুম্বাই বন্দর। সেখানে যেতে হলে হরমুজ প্রণালি অতিক্রম করতে হতো। তবে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে জাহাজটি তিনবার প্রণালি পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে দীর্ঘ সময় ধরে জাহাজটি পারস্য উপসাগরীয় এলাকায় অবস্থান করছে।
জাহাজে থাকা নাবিকরা স্বাভাবিক দায়িত্ব পালন করলেও অনিশ্চয়তার কারণে মানসিক চাপ বাড়ছে। দীর্ঘদিন সাগরে আটকে থাকায় স্বজনদের সঙ্গে দেখা করার অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। ঈদের দিন বিশেষ খাবার, নামাজ ও পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কিছুটা স্বস্তি দিলেও ঘরে ফেরার আকুতি তাঁদের মন থেকে মুছে যায়নি।
বিএসসি সূত্র জানিয়েছে, জাহাজ ও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে জাহাজটি নিরাপদে গন্তব্যে পাঠানোর চেষ্টা করা হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। মধ্যপ্রাচ্যের জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক নৌপরিবহন সরাসরি প্রভাবিত হয়।
সব মিলিয়ে ঈদের দিনে ‘বাংলার জয়যাত্রা’র ৩১ নাবিকের প্রার্থনায় ছিল একটাই আকুতি নিরাপদে যেন দ্রুত ঘরে ফিরতে পারেন তাঁরা।