{{ news.section.title }}
অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর নজরদারি চলছে: সড়কমন্ত্রী
ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় বাসভাড়া নিয়ে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, কাউন্টার ও বাসস্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি যাত্রীদের বাড়ি ফেরার তাড়াহুড়োকে পুঁজি করে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সড়কের সার্বিক অবস্থা, বাস টার্মিনালের পরিস্থিতি এবং ভাড়া আদায়ের বিষয়গুলো নজরদারিতে রাখা হয়েছে। যাত্রীরা যেন নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে যেতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে।
যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানজট ও ধীরগতির বিষয়ে মন্ত্রী বলেন, ওই অংশে কিছুটা চাপ থাকলেও তা স্বাভাবিক। কারণ সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করছে। ফলে সেখানে গাড়ির গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়ছেন। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনও চলছে। মানুষের যাত্রা এবং পশু পরিবহন—দুই চাপ একসঙ্গে সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ। তারপরও পরিবহন খাতের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখার চেষ্টা চলছে।
মন্ত্রী জানান, অধিকাংশ যাত্রী নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরছেন বলে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছেন। তবে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, বিশেষ করে কাউন্টার এলাকার বাইরে বা দালালচক্রের মাধ্যমে বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা হচ্ছে। এসব ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেলপথে নারী যাত্রীদের সুবিধার বিষয়ে তিনি বলেন, তিনটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে এই ব্যবস্থা রাখা হয়েছে। সব ট্রেনে এখনই বিশেষ কোচ দেওয়া সম্ভব হয়নি, কারণ আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে এবং পর্যাপ্ত কোচও হাতে নেই। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
উত্তরার দিয়াবাড়িতে মেট্রো স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর কোনো সিদ্ধান্ত ছিল না। এ বিষয়ে সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি। যারা ইজারা দিয়েছে এবং টাকা নিয়েছে, দায় তাদের বলেও মন্তব্য করেন সড়কমন্ত্রী।
সব মিলিয়ে নানা চ্যালেঞ্জ থাকলেও ঈদযাত্রা নিয়ন্ত্রণে রাখতে সরকার, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি। অতিরিক্ত ভাড়া, ফিটনেসবিহীন যানবাহন ও যাত্রী হয়রানির বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন সড়কমন্ত্রী।