ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু চেনার উপায়

ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু চেনার উপায়
ছবির ক্যাপশান, ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে এলেই দেশের বিভিন্ন পশুর হাটে জমে ওঠে কোরবানির পশু কেনাবেচা। এই সময় বাড়তি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী গরুকে স্টেরয়েড, হরমোন কিংবা বিভিন্ন ক্ষতিকর ইনজেকশন প্রয়োগ করে অস্বাভাবিকভাবে মোটাতাজা করে তোলে। বাইরে থেকে এসব গরু দেখতে বড় ও আকর্ষণীয় মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গরুর মাংস মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

চিকিৎসক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর ওষুধ প্রয়োগ করে মোটাতাজা করা গরুর মাংস খেলে লিভার, কিডনি ও হরমোনজনিত নানা জটিলতা দেখা দিতে পারে। তাই কোরবানির পশু কেনার আগে কিছু বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি।

 

হাটে গিয়ে ইনজেকশন বা স্টেরয়েড দেওয়া গরু চেনার কয়েকটি সহজ উপায় তুলে ধরা হলো-

আঙুল দিয়ে চাপ দিয়ে পরীক্ষা করুন

কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর শরীরে অনেক সময় অতিরিক্ত পানি জমে যায়। ফলে শরীরের কিছু অংশ ফুলে থাকে। এটি বুঝতে গরুর পিঠ, রান বা মাংসল অংশে আঙুল দিয়ে চাপ দিতে পারেন।  যদি চাপ দেওয়ার পর জায়গাটি দেবে যায় এবং আগের অবস্থায় ফিরতে সময় নেয়, তাহলে গরুটি সন্দেহজনক হতে পারে। কারণ সুস্থ ও স্বাভাবিক গরুর মাংস সাধারণত টানটান ও শক্ত থাকে। চাপ দিলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

 

গরুর আচরণ খেয়াল করুন

স্টেরয়েড বা হরমোন দেওয়া গরু বাইরে থেকে মোটাসোটা দেখালেও ভেতর থেকে অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব তাদের চলাফেরা ও আচরণে স্পষ্ট দেখা যায়। এ ধরনের গরু সাধারণত অলস প্রকৃতির হয়, বেশি হাঁটতে চায় না এবং অল্প হাঁটলেই হাঁপিয়ে যায়। অনেক সময় মাথা নিচু করে ঝিমিয়ে থাকতে দেখা যায়। চোখও ঘোলাটে বা ক্লান্ত দেখাতে পারে। অন্যদিকে সুস্থ গরু সাধারণত চঞ্চল থাকে। আশপাশে মানুষ দেখলে সাড়া দেয়, স্বাভাবিকভাবে হাঁটে এবং কান ও লেজ নাড়িয়ে সচল আচরণ করে।

 

শরীরের অস্বাভাবিক ফোলা লক্ষ্য করুন

ক্ষতিকর ওষুধ বা ইনজেকশনের কারণে অনেক গরুর শরীরের বিভিন্ন অংশ অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। বিশেষ করে উরু, রান, থুতনি বা প্রস্রাবের রাস্তার আশপাশে অতিরিক্ত ফোলাভাব দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা গেলে গরুটি কেনার আগে আরও সতর্ক হওয়া উচিত। কারণ অনেক সময় অতিরিক্ত ওষুধ প্রয়োগের কারণে পশুর শরীরে নানা জটিলতা তৈরি হয়।

 

মুখ থেকে অতিরিক্ত লালা পড়লে সতর্ক হোন

কিছু গরুর মুখ থেকে নিয়মিত লালা বা ফেনা বের হতে দেখা যায়। এটি অসুস্থতা বা অতিরিক্ত ওষুধ প্রয়োগের লক্ষণ হতে পারে। এমন গরু এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা।

 

কেন সতর্ক থাকা জরুরি

বিশেষজ্ঞদের মতে, স্টেরয়েড ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে মোটাতাজা করা গরুর মাংস মানুষের শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। এতে লিভার ও কিডনির সমস্যার পাশাপাশি হজমের জটিলতা এবং হরমোনের ভারসাম্যহীনতাও দেখা দিতে পারে। একই সঙ্গে এসব গরু দ্রুত অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বেশি থাকে।

 

গরু কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

গরু কেনার সময় সম্ভব হলে অভিজ্ঞ ব্যক্তি বা পরিচিত খামারিকে সঙ্গে নেওয়া ভালো। কেনার আগে গরুর দাঁত, চোখ, শরীরের গঠন ও হাঁটা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এ ছাড়া পরিচিত ও বিশ্বস্ত খামার বা বিক্রেতার কাছ থেকে পশু কেনার চেষ্টা করুন। হাটে গিয়ে তাড়াহুড়া না করে অন্তত ১০ থেকে ১৫ মিনিট গরুর আচরণ পর্যবেক্ষণ করলে অনেক কিছু সহজেই বোঝা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত নিউজ