শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবির ক্যাপশান, শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে দোয়া করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের গণমানুষের জন্য অত্যন্ত শোকাবহ ও স্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার যে ঐতিহাসিক উত্থান, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত।

 

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ঠিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ। এই গভীর শোককে শক্তিতে পরিণত করে দেশ ও জনগণের জন্য কাজ করাই এখন সবার দায়িত্ব।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষকে ঐক্যবদ্ধ করার রাজনীতি শিখিয়েছেন। তার নেতৃত্বে জাতীয় ঐক্য, উৎপাদনমুখী রাজনীতি, আত্মনির্ভরতা ও জাতীয় সমৃদ্ধির যে ধারা তৈরি হয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে রাজনীতি করে।

 

গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশ গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই এখন সময়ের প্রধান দাবি।

 

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান দেশের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, জবাবদিহি, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। তার রাজনৈতিক জীবন গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকারের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ ও জনগণের সেবায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে হবে। শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী কেবল স্মরণের দিন নয়, বরং তার আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার দিন।


সম্পর্কিত নিউজ