রামিসা ধর্ষণ-হত্যা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

রামিসা ধর্ষণ-হত্যা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন নির্ধারণ করেন।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ২ জুন তারিখ নির্ধারণ করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করে শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে সাক্ষ্যগ্রহণের জন্য মামলাটি নির্ধারণ করা হয়।

 

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছিলেন। তদন্তে প্রাপ্ত ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

 

মামলা সূত্রে আরও জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হলে স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে রামিসা স্কুলে না পৌঁছালে তাকে খুঁজতে শুরু করেন তার মা।

 

একপর্যায়ে রামিসার মা আসামিদের বাসার সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে রামিসার বাবা-মা ও ভবনের অন্যান্য বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে একটি বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান তারা।

 

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর ২০ মে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা হত্যার দায় স্বীকার করে। জবানবন্দিতে সে দাবি করে, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল।


সম্পর্কিত নিউজ