{{ news.section.title }}
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা
আগামী অক্টোবর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ধাপে ধাপে আগামী বছরের অক্টোবরের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ করছে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং পর্যায়ক্রমে আগামী বছরের অক্টোবরের মধ্যে সব নির্বাচন শেষ করা হবে।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎবিল নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিল আসার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য মাধ্যমে কটূক্তির বিষয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক হলেও বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না। তবে এ ধরনের মন্তব্যকে ভবিষ্যতে অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এ কারণে খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।